ঢাকার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো হৃদয় বুড়িগঙ্গা নৌকা বাইচ
ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাই সংস্কৃতির আবহ ফুটিয়ে তুলতে নানা রঙের নৌকার সমাগম ঘটে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সদরঘাটের খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। নদীতে দর্শনার্থীদের বহনকারী ট্রলারের উপস্থিতির কারণে প্রতিযোগিতায় নৌকাগুলো নির্ধারিত লাইনে চলতে কিছুটা বিঘ্ন ঘটে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে এ আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন বলেন, 'বিগত দেড় দশকের ফ্যাসিবাদী সময় এ ধরনের আয়োজন করা যায়নি। এটা শুরু হোক, লার্নিং হোক। বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে এ ধরনের আয়োজন করা হতো। আপনাদের কাছে অনুরোধ আগামীদিনেও এই আয়োজন চালু রাখা হোক। এবং আরও সুশৃঙ্খলভাবে আগামীদিনে যেন এটি আমরা করতে পারি।'
ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং নদীতে দর্শনার্থীদের ট্রলারের কারণে এবারের আয়োজন প্রত্যাশা মতো করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে নৌকা বাইচ আয়োজন করা হবে। তিনি প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।