সেপ্টেম্বরে এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে
আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এ বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এভিয়েশন.কম.বিডি, যার উদ্দেশ্য এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও এ খাতের ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তরুণদের ধারণা দেওয়া।
‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন : নলেজ অ্যান্ড ক্যারিয়ার পাথ’ নামের কর্মশালার মাধ্যমে এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের নানা দিক ও এই সেক্টরে বর্তমান ও আগামী দিনের পেশাগত সুযোগ নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমাদের দেশে এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার নিয়ে কথা উঠলে প্রধানত পাইলট ও কেবিন ক্রুর পেশাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। অথচ কোনো বিমান বিমানবন্দরে নামার পর থেকে আবার উড়ে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত প্যাসেঞ্জার সার্ভিস, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড অপারেশন, সিকিউরিটিসহ নানা গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রমে অসংখ্য কর্মী কাজ করেন। এই কর্মশালায় এই ধরনের গ্রাউন্ড অপারেশনের কাজ, সংশ্লিষ্ট পেশা এবং দরকারি দক্ষতা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের এভিয়েশন অবকাঠামো ও বিমানবন্দরগুলোর কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ কর্মীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গ্রাউন্ড অপারেশন, প্যাসেঞ্জার সার্ভিস, ব্যাগেজ, কার্গো ও এয়ারপোর্ট সাপোর্ট কার্যক্রমে দক্ষ কর্মীদের জন্য সামনে আরও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এই বাস্তবতায় তরুণদের এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতের কাজের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
এই কর্মশালায় এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের পরিচিতি, এ খাতের সার্বিক পরিস্থিতি, গ্রাউন্ড অপারেশনের নানা কাজ, ক্যারিয়ার গড়ার পথ এবং আবশ্যকীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে অভিজ্ঞ এভিয়েশন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার ও মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এভিয়েশন.কম.বিডি-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের সাবেক এয়ারপোর্ট ম্যানেজার হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিসবাহ আল আহমেদ মাজুমদার, যিনি এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এবং ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ডিএইচএল, কাতার এয়ারওয়েজ, আরএকে এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইনস ও মালদিভিয়ানের মতো বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ এভিয়েশন কমিটির উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে এই কর্মশালাটি সম্পন্ন হবে। এতে অংশ নেওয়ার জন্য ফি ধার্য করা হয়েছে ২,৫০০ টাকা। তবে ৩১ আগস্টের মধ্যে আগেভাগে নাম নিবন্ধন করলে ফি লাগবে ২,০০০ টাকা। কর্মশালা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান এভিয়েশন.কম.বিডি এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষতা এবং ক্যারিয়ার নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ সমাজের মাঝে এভিয়েশন ও ট্যুরিজম বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আগামী প্রজন্মকে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সম্ভাবনার সঙ্গে পরিচিত করতে এবং তাদের দরকারি দক্ষতা অর্জন করতে উৎসাহিত করার উদ্দেশ্যে ভবিষ্যতেও এমন বিভিন্ন উদ্যোগ ও ক্যাম্পেইন চালু রাখার পরিকল্পনা রয়েছে তাদের।