বাংলার আলো
শিরোনাম

সরকার ডেটা-নির্ভর স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারে নামানোর উদ্যোগ নিয়েছে

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব ফোনের মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষকে ডেটা নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Admin Admin 10 views
সরকার ডেটা-নির্ভর স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারে নামানোর উদ্যোগ নিয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে গত বুধবার (১৯ আগস্ট) ‘পাওয়ারিং দ্য ফিউচার : রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

রেহান আসিফ জানান, দেশের প্রায় ৫০ শতাংশ মোবাইল গ্রাহক এখনো ফিচার ফোন ব্যবহার করেন। অর্থাৎ, ১৪ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক বা ৭ কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করছেন। বর্তমান সময়ে এই অবস্থার পরিবর্তন ঘটানো দরকার। আপনারা (রবি) দেশের সেরা ডেটা নেটওয়ার্ক গড়ে তুলছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ফিচার ফোন ব্যবহারকারী অর্ধেক জনগোষ্ঠীকে উন্নত নেটওয়ার্কের আওতায় ইন্টারনেটভিত্তিক স্মার্টফোনে আনতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

টেলিযোগাযোগ খাতের অগ্রগতির জন্য সরকার, নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট শিল্প খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার একা সবকিছু করতে পারে না। নিয়ন্ত্রক সংস্থা একা পারে না, মোবাইল অপারেটররাও একা পারে না। দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, মোবাইল অপারেটর ও শিল্প সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পুরো শিল্পকে একটি অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষের জন্য আরও ভালো কিছু অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সব লক্ষ্য অর্জন করেছি বা পুরোপুরি সফল হয়েছি, এমনটা দাবি করব না। এটি কেবল আমাদের যাত্রার শুরু মাত্র। তবে আমাদের আন্তরিক প্রচেষ্টার কোনো কমতি ছিল না এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রেহান আসিফ বলেন, ভৌগোলিক আয়তনে ঢাকা দেশের খুব সামান্য অংশ হলেও জনবহুল ও অর্থনৈতিকভাবে এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের অনেক রাষ্ট্রে পুরো দেশের সাইট সংখ্যা ৫ হাজারের কম হলেও, কেবল ঢাকা শহরেই প্রায় ৫ হাজার সাইট রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইটের জটিলতা, স্পেকট্রাম ব্যবস্থাপনা, নেটওয়ার্কের শব্দ নিয়ন্ত্রণ, ব্যাকহল এবং অন্যান্য কারিগরি প্রতিবন্ধকতা। ডেটা এবং সংযোগ ছাড়া টেলিযোগাযোগ খাতের কোনো অর্থপূর্ণ ভবিষ্যৎ নেই। ডেটার পূর্ণ সুফল পেতে হলে শক্তিশালী নেটওয়ার্কের পাশাপাশি ব্যবহারকারীর হাতে উপযুক্ত ডিভাইস থাকা আবশ্যক।

স্মার্টফোনের দাম কমানোর সরকারি পদক্ষেপের কথা তুলে ধরে উপদেষ্টা জানান, জাতীয় বাজেটের আগে স্থানীয় মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক, এ খাতের ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। মোবাইল ফোন তৈরির কাঁচামালের ওপর আগে যে ২৬ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কর, ভ্যাট ও শুল্ক ধার্য ছিল, তার বড় একটি অংশ হ্রাস করা হয়েছে। কিছু ক্ষেত্রে তা সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং কোথাও মাত্র ২ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, সাশ্রয়ী মূল্যে গ্রাহকের হাতে মানসম্মত ডিভাইস তুলে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। স্থানীয় মোবাইল ফোন প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রায় ৫০ থেকে ৬০ মার্কিন ডলারের মধ্যে অ্যান্ড্রয়েডভিত্তিক ডেটা স্মার্টফোন উৎপাদন সম্ভব হতে পারে বলে তারা জানিয়েছে। এমনকি দ্রুত এ ধরনের হ্যান্ডসেট তৈরির কাজ শুরু করার আগ্রহও প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

কম মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে কিস্তিতে কেনার সুবিধা চালুর কথা জানিয়ে রেহান আসিফ বলেন, মোবাইল হ্যান্ডসেটকে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই সুবিধার আওতায় আনা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিস্তিতে ফোন ক্রয়ের সুযোগ তৈরিতে উৎসাহিত করার প্রক্রিয়া চলছে।

উক্ত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটার প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম এবং রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা।

অন্যদিকে রবির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে ৪ হাজার ৮০০-এর বেশি সাইটের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ৪জি/৫জি রেডি’ প্রযুক্তির হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ককে আরও সুদৃঢ়, আধুনিক যুগের উপযোগী এবং বিদ্যুৎ সাশ্রয়ী করা হয়েছে।

রবির দাবি অনুযায়ী, নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। পাশাপাশি কল ড্রপের হার ২০ শতাংশ হ্রাস পেয়েছে। বৃহত্তর ঢাকা এবং গাজীপুরে ঘরের ভেতরের (ইনডোর) নেটওয়ার্ক কভারেজ আগের তুলনায় তিন গুণ উন্নত হয়েছে। একই সঙ্গে প্রতি জিবি ডেটা ব্যবহারের বিপরীতে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে।