বাংলার আলো
শিরোনাম

শতাধিক নিয়োগদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’, যার লক্ষ্য ছিল চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলা।

Admin Admin 10 views
শতাধিক নিয়োগদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট সম্পন্ন

নেক্সটজবজের ব্যবস্থাপনায় গত মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশের নানা খাতের একশোটির অধিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প খাতের বিশারদ এবং হাজার হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান।

পাশাপাশি, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফ এর চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় ড. নাজনীন কাউসার চৌধুরী জানান যে, আজকের শ্রমবাজারের চাহিদার সাথে সংগতি রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেই চলবে না, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী চাকরিপ্রার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের সক্ষমতাও বাড়াতে হবে।

তিনি আরও যোগ করেন যে, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং চাকরির সুযোগগুলোকে আরও জোরালোভাবে এক সুতোয় বাঁধতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টা দরকার। নেক্সটজবজের মতো মাধ্যমগুলো কর্মপ্রার্থীদের নতুন সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতেও সাহায্য করতে পারে।

নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান জানান, নেক্সটজবজ পূর্ণাঙ্গ বা ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। যার মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তার মাঝে সরাসরি ও ফলপ্রসূ যোগসূত্র স্থাপন করা। ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’ এর মাধ্যমে চাকরিপ্রার্থী, নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে একটিমাত্র প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।

এই আয়োজনের প্রধান আকর্ষণগুলোর একটি ছিল মুখোমুখি সাক্ষাৎকার এবং নিয়োগ প্রক্রিয়া। প্রায় সাড়ে সাতশো পদের বিপরীতে আড়াই হাজার চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সশরীরে সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং চাকরির অফার পাওয়ার সুযোগ লাভ করেন।

তাছাড়া এই আয়োজনে অভিজ্ঞ পেশাজীবী ও বরেণ্য ব্যক্তিদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, নানান ইন্টারেক্টিভ কার্যক্রম, র‌্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা ছিল।

সারাদিনের এই আয়োজনে নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাধ্যম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর বিভিন্ন কার্যক্রমও প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কোর্স সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পান। তাছাড়া নেক্সটজবজের হেডহান্টিং প্ল্যাটফর্ম নেক্সট রিসোর্স-এর পে-রোল ম্যানেজমেন্ট ও স্টাফিং সলিউশন সেবাসমূহও উপস্থাপন করা হয়।

এই আয়োজনে শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে পোড় খাওয়া পেশাজীবী এবং শীর্ষ পর্যায়ের নির্বাহীদের অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। এর মাধ্যমে পেশাজীবী বাজারে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি, রিক্রুটমেন্ট ও প্রফেশনাল নেটওয়ার্কিং—সবকিছুই একটি প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।