বাংলাদেশের সহজ জয় অস্ট্রেলিয়ায় বোলারদের কল্যাণে
নেপাল এ দলকে মাত্র ৯৯ রানে আটকে দেওয়ার পর জিসান আলমের ঝোড়ো ফিফটিতে ৮ উইকেটের সহজ জয় দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ এইচপি দল।
১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে হাবিবুর রহমান সোহান আউট হলেও বাংলাদেশের রানের গতি থামেনি। এরপর জিসানের ব্যাটেই ম্যাচটা হয়ে ওঠে একপেশে। তিনি তৃতীয় উইকেটে নামা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। নেপালের বোলারদের ওপর চাপ বাড়িয়ে মাত্র ২৯ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন জিসান। তার সঙ্গে অপরাজিত ছিলেন আরিফুলও—২৭ বলে তার রান ৩৪। মাত্র ১০.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ইরফান শুক্কুর। অধিনায়কের সিদ্ধান্তকে শুরু থেকেই সঠিক প্রমাণ করতে থাকেন বাংলাদেশের বোলাররা। একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল। মাত্র ১৩ রানের মধ্যেই ৫ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।