অবশেষে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক, নাম ভূমিকায় সারা অর্জুন
এই সেপ্টেম্বরেই শুটিং শুরু হতে যাওয়া এই চলচ্চিত্রে পরিচালনায় থাকছেন জসমিত কে রিন এবং প্রযোজনায় সঞ্জয়লীলা বানসালি।
এই মুহূর্তে পরিচালক সঞ্জয়লীলা বানসালি তার আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। মিড ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবিটির কেবল একটি গানের চিত্রায়ণ বাকি রয়েছে। আগামী সপ্তাহেই গোরেগাওয়ের রয়্যাল পামস প্রাসাদে সেই গানের শুটিং সম্পন্ন হবে।
ওই গানের কাজ শেষ হওয়া মাত্রই বানসালির প্রযোজনা দল মধুবালার বায়োপিকের সেট তৈরির কাজে হাত দেবে। একই স্থানেই এই সেটটি নির্মাণ করা হবে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু করবেন কলাকুশলীরা।
এই বায়োপিকে মধুবালা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সারা অর্জুনকে। যিনি সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ‘সারা অর্জুন ব্যস্ত রয়েছেন মধুবালার চরিত্রটির প্রস্তুতিতে। মধুবালার আচরণ, জীবন, অভিনয় নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন অভিনেত্রী।’
তবে চলচ্চিত্রটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। এতে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ফুটিয়ে তুলবেন পরিচালক।
অন্যদিকে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির নির্মাণকাজ প্রায় সমাপ্তির পথে। এই সিনেমায় জুটি বেঁধেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এটিও বলিউডের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। আগামী বছরের ২১ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।