৬৪ রানে অলআউট হয়েও ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন শরিফুল
অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে প্রথম দিনই ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগালেও, দিনের শেষদিকে বল হাতে ৬ উইকেট নিয়ে টাইগারদের ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছেন পেসার শরিফুল ইসলাম।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, 'এখনও খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তাদের ব্যাটাররাও নিজেদের কন্ডিশনেই অনেক সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।'
বাংলাদেশের বাজে ব্যাটিং নিয়ে শরিফুল বলেন, 'আপনারা খেলা দেখেছেন। নতুন বলে সুইং করছিল, প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত। ওরা সেই সুবিধা কাজে লাগিয়েছে। আমরা হয়তো পরবর্তী ইনিংসে চেষ্টা করব আমাদের ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।'
এমন উইকেটে কীভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল? এমন প্রশ্নের জবাবে শরিফুল বললেন, 'এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। শুধু আমাদের নয়, তারাও কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ, পরবর্তী ইনিংসে আমরা ভালো করব।'