মালয়েশিয়ায় কর্মী প্রেরণে বাংলাদেশের ২৫টি সংস্থা চূড়ান্ত
দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ওয়েবসাইটে এজেন্সিগুলোর এই তালিকা প্রকাশ করা হয়েছে।
যদিও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের প্রক্রিয়া কেমন হবে, তা এখন পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়।
ওয়েবসাইটে এই এজেন্সিগুলোর নাম কখন যুক্ত করা হয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি। এছাড়া নতুন কাঠামোর আওতায় এই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করবে, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অতিরিক্ত অভিবাসন খরচ, কর্মীদের কর্মসংস্থান না হওয়া এবং বিভিন্ন নির্যাতনের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার ও অভিবাসন নিয়ে কথা বলেন তিনি। ওই বৈঠকে বর্তমান সমঝোতা স্মারক খতিয়ে দেখা এবং একটি নতুন সংশোধিত চুক্তি করার লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হন দুই দেশের শীর্ষ নেতা।
এরপর মালয়েশিয়া পক্ষ থেকে জানানো হয় যে, বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে কোটার আবেদন এফডব্লিউসিএমএস-এর ‘ই-কোটা’ মডিফায়ারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
এরই মাঝে এফডব্লিউসিএমএস পোর্টালে নতুন করে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করা হলো। তবে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া নিয়ে এখনও সংশয় রয়েছে এবং পুরোনো নিয়োগ প্রক্রিয়ার ত্রুটিগুলো নতুন পদ্ধতিতে দূর হবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা কাটছে না।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে যেন কোনো চুক্তি স্বাক্ষর, পাসপোর্ট গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা কিংবা কোনো ধরনের অর্থ লেনদেন করা না হয়।
মালয়েশিয়ার পক্ষ থেকে যে ২৫টি সংস্থাকে চূড়ান্ত করা হয়েছে, সেগুলো হলো: বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্বেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-ত্বাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল।
আরও রয়েছে, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
এই তালিকায় বাংলাদেশ বাদেও কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের রিক্রুটিং এজেন্সির নাম নির্দিষ্ট করা হয়েছে।