বাংলার আলো
শিরোনাম

বেগুন ও শিমের চড়া দাম, বাকি সবজি ৬০ থেকে ৮০ টাকা

মৌসুম না হওয়ায় বেগুন, শিমসহ কিছু সবজির দাম এখনও ১০০ থেকে ১৪০ টাকায় আটকে থাকলেও, গত মাসের তুলনায় সামগ্রিক বাজারদর অনেকটাই নেমে এসেছে।

Admin Admin 10 views
বেগুন ও শিমের চড়া দাম, বাকি সবজি ৬০ থেকে ৮০ টাকা

২১ আগস্ট শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে সবজির এই মূল্য পরিস্থিতি লক্ষ করা গেছে।

আজ বাজারে প্রতি কেজি টমেটো ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ দরে বিকোচ্ছে।

পাশাপাশি, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, শিম ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং বেগুন প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসেন বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল। তাঁর ভাষ্য, সবজির দাম আগের চেয়ে কিছুটা নামলেও চার-পাঁচ পদের সবজির দাম এখনও বেশ চড়া, যেগুলো প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাকি সবজিগুলোর দর এখন খানিকটা সহনীয় রয়েছে, বর্তমান বাজারে অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। সেই তুলনায় বিবেচনা করলে গত মাসের আকাশচুম্বী দামের চেয়ে এখন সবজির বাজার কিছুটা স্বস্তিদায়ক।

সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের বিক্রেতা খাদিমুল ইসলাম জানান, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর সময় না হওয়ায় বাজারে এগুলোর সরবরাহ কিছুটা কম রয়েছে। সে কারণে এসব নির্দিষ্ট সবজির দাম কিছুটা বেশি। এই সবজিগুলো ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দর আগের চেয়ে কমেছে। বাজারে বাকি সবজিগুলোর প্রতি কেজির দাম এখন ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। একটানা বৃষ্টিপাত না হলে সবজির বাজারদর এমনই বহাল থাকবে।